চাঁদপুরে নিষিদ্ধ আ.লীগের জেলার সভাপতি ও ২ নারীসহ আটক ৩০

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম
চাঁদপুরে নিষিদ্ধ আ.লীগের  জেলার সভাপতি ও ২ নারীসহ আটক ৩০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুর জেলার সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ প্রায় ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।আটককৃতদের মধ্যে ২ জন নারীও রয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯ টায় পৌর ৪নং ওয়ার্ডের পূর্ব শ্রীরামদী  নিজ বাড়ি থেকে সাবেক পৌর মেয়র নাসির উদ্দিন কে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় ছাত্রলীগের সাবেক নেতা হাসিবুল হাসান মুন্নকেও সেখান থেকে আটক করা হয়।  এছাড়া অন্যান্যদের সদর উপজেলার ও শহরের বিভিন্ন স্থান থেকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আটক করেন।

আটককৃতরা হলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, পৌর ছাত্রলীগের সম্পাদক আমজাদ হোসেন রনি, বাগাদী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারির ছেলে যুবলীগ নেতা আরিফ হোসেন। এছাড়া জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়ার স্ত্রী ও কন্যাকে আটক করে থানায় রাখা হয়েছে। 

শুক্রবার জুম্মার নামাজের সময়  চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা  অগ্নিসংযোগ করে। এই ঘটনায় চারজন তরুণ দৌড়ে পালানোর দৃশ্য সিসি ক্যামেরার ফুটেজে  শনাক্ত করেছে পুলিশ। সন্ধ্যায় চাঁদপুর শহরে বিএনপি'র যুবদল ছাত্রদল, জামাত -এনসিপিসহ ১১ দলীয় জোট প্রতিবাদ মিছিল বের করেন।

জানা যায়, এর আগে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ২০২৫ সালের ২ জুন রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হন। এছাড়া জেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান মুন্নাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আমজাদ হোসেন রনিকে শহরের ট্রাক রোড এলাকা থেকে ও কামরুল হাসান কাউসারকে গুনরাজদী এলাকা থেকে আটক করা হয়। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজার এলাকা থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই বিল্লাল হোসেন ও সঙ্গীয় সদস্যরা আক্তার হোসেন খান নামের ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে আটক করে থানা নিয়ে আসার চেষ্টা করলে, স্থানীয় কিছু নেতা-কর্মীরা পুলিশের কার্যক্রমে বাধাগ্রস্থ করেন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে। আটককৃতদের যাচাই-বাছাই শেষে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে