যুব ঐক্য প্রগতি যুবদলের মূলনীতি। ‘ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর’-এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর, ২০২৬) বিকালে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এই বিশাল যুব সমাবেশে স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশটি সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এড. নুরুল আমিন খান আকাশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবদলকে আরও শক্তিশালী করতে হলে মাঠপর্যায়ে নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে। তিনি দলের জনপ্রিয়তা ও অর্জন ধরে রাখতে এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও অন্যান্য রাজনৈতিক কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ঘরে ঘরে গিয়ে দলের আদর্শ ও উন্নয়নমূলক বার্তা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি আরো বলেন, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য সরকারের উচ্চ পর্যায়ে নানামুখী পদক্ষেপ ও চেষ্টা অব্যাহত রয়েছে।চাঁদপুরে ইপিজিট করার কাজ শুরু হয়েছে।
অতীতে চাকরি নিয়ে নানা অনিয়মের সমালোচনা করে তিনি স্বচ্ছতার সাথে দেশ পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি অনুসরণ করার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য মাধ্যমে চলা নানা অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক শাহজালাল মিশন, আফজাল হোসেন। জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মোস্তফা মজুমদার, শাহারাস্তি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন মজুমদার সোহেল,হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি , চাঁদপুর সদর উপজেলা যুবদলের সভাপতি নজরুল ইসলাম নজু,চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা প্রমুখ। জেলা যুবদলের সহ-সভাপতি আখতার হোসেন সাগর, শাহানুর বেপারী,সরোয়ার গাজী, মোস্তফা বন্দুকশী,শামীম জমাদার, যুগ্ম সম্পাদক কামাল পাটোয়ারী, পারভেজ আলম রবিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার সহ বিভিন্ন উপজেলা, পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তাদের বক্তব্যে তৃণমূল পর্যায়ে দলকে আরও গতিশীল করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়: সমাজ থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সম্পূর্ণ নির্মূল করতে হবে এবং এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে প্রশাসনের সহযোগিতা নিতে হবে। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে প্রচার চালাতে হবে এবং দলকে সুসংগঠিত রাখতে হবে। দলের নীতি ও আদর্শ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি চাঁদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ও উৎসবকে মুখরিত করে তোলে।