লালপুরে বসতবাড়ি ও গোয়ালঘরে আগুন-সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ১৮ অক্টোবর, ২০২৬, ০৫:৫২ পিএম | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৫:৫২ পিএম
লালপুরে বসতবাড়ি ও গোয়ালঘরে আগুন-সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি

নাটোরের লালপুরে একই দিনে পৃথক দুটি অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও একটি পরিত্যক্ত গোয়ালঘরের মালামাল পুড়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ও বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া বাজার-সংলগ্ন এলাকা ও চামটিয়া দীঘিরপাড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দুটি ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল সোয়া ৩টার দিকে চামটিয়া দীঘিরপাড় এলাকায় মৃত ফরমান আলীর ছেলে আব্দুস সালামের (৩৮) বসতবাড়িতে আগুন লাগে। নামাজ শেষে বাড়িতে ফিরে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এ সময় ঘরের এক কোণে রাখা পাটকাঠিতে আগুন দেখতে পান। দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি। তবে মুহূর্তের মধ্যেই পাটকাঠি থেকে আগুন ঘরের চাল ও চাতালে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আব্দুস সালাম। আগুনে বসতবাড়ির মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে।এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া বাজারের উত্তর পাশে মো. আশাদুল খামারুর (৩৫) বাড়ির একটি পরিত্যক্ত গোয়ালঘরে আগুন লাগে। তিনি মৃত চাহার খামারুর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘরের টিনের বেড়ার সঙ্গে যুক্ত বৈদ্যুতিক মিটার ও মেইন সুইচের বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে আগুন গোয়ালঘরে রাখা শুকনো খড় ও গোবরের লাকড়িতে ছড়িয়ে পড়ে। এতে এসব সামগ্রী পুড়ে যায়।খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।লালপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা লতিফুল বারী পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।একই দিনে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক ক্ষতির মুখে পড়েছে। প্রাণহানি না ঘটলেও বসতবাড়ির মালামাল ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যাওয়ায় তাদের দুর্ভোগ বেড়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে