ঘোড়াঘাটে বেড়া দিয়ে একটি পরিবার অবরুদ্ধ

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০২:৩৩ পিএম
ঘোড়াঘাটে বেড়া দিয়ে একটি পরিবার অবরুদ্ধ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বসতবাড়ির চলাচলের পথে বেড়া দিয়ে একটি অসহায় পরিবারকে গত এক সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এতে ঘর থেকে বের হতে না পেরে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। 

উপজেলার কানাগাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানাগাড়ী গ্রামের আব্দুর রহিম তাঁর নিজের জায়গা আপন সন্তানকে কবলা দলিল করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিমের সহোদর ভাই আব্দুর রশিদ ও তাঁর লোকজন বাড়ি থেকে বের হওয়ার চলাচলের মূল রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে আব্দুর রহিমের পুরো পরিবার গত এক সপ্তাহ ধরে নিজ ঘরে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে গত ১০ অক্টোবর (২০২৬) ঘোড়াঘাট থানায় বিবাদীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ প্রাথমিক তদন্ত করলেও অজ্ঞাত কারণে রহস্যজনক নীরবতা পালন করছে বলে অভিযোগ পরিবারটির। এদিকে বিবাদী পক্ষ স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা ভুক্তভোগী আব্দুর রহিম ও তাঁর পরিবারকে বিভিন্ন ভয়ভীতি, হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে জানা গেছে। কোনো উপায় না পেয়ে চরম নিরাপত্তাহীনতা ও অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি। এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রহিম তাঁর পরিবারকে অবরুদ্ধ দশা থেকে মুক্ত করতে এবং বেআইনিভাবে রাস্তা বন্ধকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে