দিনাজপুরের বীরগঞ্জে মাদক নির্মূলে গণজাগরণ সৃষ্টি, জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বীরগঞ্জ পৌর বিএনপির মাদক নির্মুল কমিটির আয়োজনে মাদক বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৮ টায় বীরগঞ্জ পৌরসভার মাদক বিক্রি ও সেবনের আখড়া ক্ষ্যাত গোলাপগঞ্জ মোড়ে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। উপজেলা যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি মো মনজুরুল ইসলাম মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে পৌর বিএনপি সভাপতি মো আমিরুল বাহার,মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের সচেতন দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন। গণসমাবেশে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অন্যান্য বক্তাগণ বলেন, সম্মিলিত উদ্যোগ, সচেতনতা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমেই বীরগঞ্জকে মাদকমুক্ত করার পথে এগিয়ে নেওয়া সম্ভব।