ময়মনসিংহে দুর্গাপূজায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৪:৫০ পিএম
ময়মনসিংহে দুর্গাপূজায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ময়মনসিংহে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। একই সঙ্গে বিজিবি ২১টি টহল দল মাঠে কাজ কাজ করছে। তাছাড়াও গুজব ও অপতথ্যের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন পিএসসি।

শনিবার দুপুরে নগরীর দুর্গাবাড়ি ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনে দ্রুত সহায়তা দেওয়ার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি, পূজা  উদ্যাপন কমিটি এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা, টহল ও নজরদারি জোরদার এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর ও সমন্বিত করতে প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সব ধর্মের মানুষের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনের অধিকার রয়েছে। সেই অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিরপেক্ষতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে। উৎসবকে ঘিরে কোনো ধরনের গুজব, অপতথ্য কিংবা বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক পরিস্থিতি বা নিরাপত্তাসংক্রান্ত তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে