শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কক্সবাজার ও বান্দরবান জেলার ৩৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-১৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের ৩২৪টি ও বান্দরবানের ৩৩টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল, মোটরসাইকেল পেট্রোল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে অনলাইন মনিটরিং এবং পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের হয়রানি রোধে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
এসআরবি-১৫ জানায়, এখন পর্যন্ত কোনো নাশকতার তথ্য বা আশঙ্কা পাওয়া যায়নি। ব্যাটালিয়ন সদরে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। সন্দেহজনক বা অপ্রীতিকর কোনো ঘটনা নজরে এলে দ্রুত এসআরবিকে জানানোর অনুরোধ জানিয়েছেন আইন- শৃঙ্খলা বাহিনীটির অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার- সহকারি পরিচালক (মিডিয়া) আ, ম, ফারুক।