২০২৭ খ্রিষ্টাব্দের মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। গত বৃহস্পতিবার দীর্ঘ ৫ বছর পর পরীক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত পাঠ গ্রহণের সমাপনী দিনে এক আলোচনা সভায় তারা এ প্রত্যয় ব্যক্ত করেছেন। অতিথি ও শিক্ষকরা পরীক্ষার প্রস্তুতি আর গৌরবোজ্জ্বল ফলাফলের মাধ্যমে নিজেদের স্কুলের তথা গ্রামের সুনাম বয়ে আনার পরামর্শ দিয়েছেন। দীর্ঘ ৩৮ বছর পর প্রথম বারের মত এমন একটি অনুষ্ঠানের আয়োজনের দৃষ্টান্ত স্থাপন করলো পরীক্ষার্থীরা।
সূত্র জানায়, দীর্ঘ ৫ বছর পর গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার ছিল সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৭ খ্রিষ্টাব্দের মাধ্যমিক পরীক্ষার্থীদের সর্বশেষ ক্লাশ। এই দিনটিকে গুরূত্ব দিয়ে পরীক্ষার্থীদের উদ্যোগে ও আয়োজনে ওই বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৩৮ বছরের মধ্যে এ বিদ্যালয়ে প্রথম এমন অনুষ্ঠানের আয়োজন করে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। শিক্ষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুছুল হক। বক্তব্য রাখেন- সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুবুর রহমান, সরাইল মহিলা কলেজের প্রভাষক ও দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাহবুব খান, অভিভাবক প্রতিনিধি মো. ছানাউল হক, সিনিয়র সহকারী শিক্ষক মো. আক্তার হোসেন, প্রিয়লাল ভৌমিক, নিলুফা খাতুন, প্রমোদ চন্দ্র দাস, পরীক্ষার্থীদের পক্ষে-আশরাফ উদ্দিন তুষার ও হিরা ভৌমিক। পাঠ গ্রহণের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতেই পরীক্ষার্থীদের এমন আয়োজন। ওই অনুষ্ঠানে অতিথি ও বিদ্যালয়ের শিক্ষকরা সামনের সময়টুকু পড়া লেখায় মনোযোগি হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আগামীতে তোমাদের গৌরবোজ্জ্বল ফলাফলই পারবে নিজেদের, বিদ্যালয়ের ও গ্রামের সুনাম বয়ে আনতে। সেই লক্ষ্য মাথায় রেখেই তোমরা নির্বাচনি ও চুড়ান্ত পরীক্ষায় ভালো করার প্রস্তুতি গ্রহণ কর। পরীক্ষার্থীরাও আন্তরিকতা ও দৃঢ়তার সাথে আগামী পরীক্ষায় ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন।