পজিটিভ সরাইলের প্রচেষ্টায় মাথা গোঁজার ঠাঁই হলো জামালের

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৪:১১ পিএম
পজিটিভ সরাইলের প্রচেষ্টায় মাথা গোঁজার ঠাঁই হলো জামালের

দরিদ্র, নি:স্ব, অসহায় জামাল মিয়া (৩৬)। নিজের জায়গা ও বসতঘর কোনটিই নেই। তিন শিশু সন্তান আর স্ত্রী নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন-যাপন করছিলেন তিনি। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের চৌরাগোদা গ্রামে। জামালের মত লোকদেরকেই খুঁজে বেড়ায় ‘পজিটিভ সরাইল’ নামের সংগঠনটি। ওই গ্রামের বাসিন্দা মো. সুলতান উদ্দিন নামের আরেক মানবসেবকের মাধ্যমে সন্ধান মিলে জামালের। জামালের পাশে দ্রূত এগিয়ে আসেন সংগঠনটি। তাদের প্রচেষ্টায় অবশেষে জামালের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। গতকাল শুক্রবার সকালে মামা আবদুল কুদ্দুসের দেওয়া জায়গায় জামালের নতুন বসতঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংগঠনের উপদেষ্টা সরাইল মহিলা কলেজের প্রভাষক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাহবুব খান। এ সময় উপস্থিত ছিলেন পজিটিভ সরাইল- এর প্রধান সমন্বয়কারী জহিরূল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক ও সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী জামাল হোসেন গাবতলী, মো. সুলতান উদ্দিন, আব্বাস উদ্দিন ও মোস্তাকিম হায়দার। অতিথিরা বলেন, ‘মানুষ মানুষের জন্যে’ এমন দীক্ষাই পারে মানব সেবায় উদ্ভুদ্ধ করতে। পজিটিভ সরাইল এ জাতীয় কাজ গুলোই করে যাচ্ছেন। তাই স্বল্প সময়ের মধ্যে সংগঠনটির সুনাম ও খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। তারা নি:স্ব জামালের যাযাবর জীবনের অবসান ঘটিয়ে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলো। বসবাসের নিজস্ব আবাসস্থল পেয়ে হাঁসি ফুটেছে জামালের স্ত্রী সন্তানদের মুখে। আসুন আমরা সকলেই এই সংগঠনের পাশে থেকে সহায়তা করার চেষ্টা করি। অনুভুতি ব্যক্ত করতে গিয়ে জামাল বলেন, নিজের ঘরে ঘুমোতে পারব ভেবে আমার কি যে আনন্দ লাগছে ভাষায় প্রকাশ করতে পারছি না। পজিটিভ সরাইল সহ সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

আপনার জেলার সংবাদ পড়তে