জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা (ক্লেফট লিপ ও ক্লেফট প্যালেট) সমস্যা নিয়ে যে শিশুরা বড় হয়ে উঠছিল অনিশ্চয়তা ও মানসিক সংকোচে, তাদের মুখে অনাবিল হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগ শুরু হলো চাঁদপুরে। শাহরাস্তিতে এসব রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, জটিল অস্ত্রোপচার ও অস্ত্রোপচার-পরবর্তী স্পিচ থেরাপি প্রদান কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ চিকিৎসা কর্মসূচির প্রথম সেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল।
প্রথম দিনেই ২০ রোগীর অস্ত্রোপচার
উদ্বোধনী কর্মসূচির প্রথম দিনেই নিবন্ধিত ২০ জন রোগীর বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রম শুরু করা হয়। বিখ্যাত প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জন অধ্যাপক ডা. মুহাম্মদ কামারুজ্জামান (এফসিপিএস ও এমএস)-এর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্রতিনিধি দল রোগীদের চিকিৎসা সেবা ও অস্ত্রোপচার পরিচালনা করছেন।
পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন মেডিল্যাব হাসপাতালের চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক ডা. আরিফ উল হাসান।
এটি সাময়িক ক্যাম্প নয়, নিয়মিত সেবা
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো এককালীন বা সাময়িক চিকিৎসা ক্যাম্প নয়। দেশের যেকোনো প্রান্ত থেকে আসা রোগীদের জন্য এটি একটি স্থায়ী ও নিয়মিত সেবা। প্রতি তিন মাস পরপর অথবা ১০ জন রোগী নিবন্ধিত হওয়ামাত্রই বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ ও ব্যবস্থা নেওয়া হবে। এই সুবিধার আওতায় আসা রোগীদের-
ভর্তি ও প্রয়োজনীয় সব ধরনের রক্ত ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা
নিখুঁত অস্ত্রোপচার ও অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা
বিনামূল্যে ওষুধ বিতরণ ও হাসপাতালে অবস্থান
স্পিচ থেরাপি (কথা বলার স্বাভাবিকতা ফিরিয়ে আনার থেরাপি)
সবকিছুই একদম বিনামূল্যে প্রদান করা হবে।
"শিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের এই প্রয়াস"
চিকিৎসা সেবার পেছনের মূল উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে ডা. আরিফ উল হাসান বলেন, "গ্রামাঞ্চলে কাজ করতে গিয়ে প্রায়ই দেখা যায় অনেক শিশু বা প্রাপ্তবয়স্ক জন্মগত ঠোঁটকাটা কিংবা তালুকাটা সমস্যা নিয়ে দিন কাটাচ্ছেন। কেবল আর্থিক অসচ্ছলতা আর তথ্যের অভাবে সঠিক সময়ে তারা চিকিৎসা পান না। আমরা চেয়েছি কোনো শিশুই যেন অর্থাভাবে হাসি না হারায়। দেশের যেকোনো জেলা থেকে আসা অসচ্ছল রোগীরা নির্দ্বিধায় এই হাসপাতালে এসে সেবা নিতে পারবেন।"
উল্লেখ্য, মেডিল্যাব হাসপাতালের চেয়ারম্যান ডা. আরিফ উল হাসান এর আগেও বেশ কিছু জটিল ও ব্যতিক্রমী অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে সমাদৃত হয়েছেন। তিনি সাম্প্রতিককালে নারীদের পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম এবং ৪ কেজি ৮০০ গ্রামের মতো বিশাল টিউমার সফলভাবে অপসারণ করেন। এছাড়াও কৃত্রিম কোনো কাটাছিঁড়া ছাড়াই জটিল পরিস্থিতি সামাল দিয়ে ইতিপূর্বে চিকিৎসা অঙ্গনে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
স্বস্তি অসচ্ছল পরিবারগুলোতে শাহরাস্তিতে শুরু হওয়া এই স্থায়ী ও দাতব্য উদ্যোগের ফলে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের স্বাভাবিক জীবনের পথ সুগম হলো। স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকেরা বলছেন, বিশেষ করে অসচ্ছল পরিবারগুলোর শিশু সন্তানদের ক্ষেত্রে এই নিয়মিত সেবা একটি নতুন আশার আলো হয়ে দেখা দেবে।
যোগাযোগ ও নিবন্ধনের জন্য: মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার, উয়ারুক বাজার, শাহরাস্তি, চাঁদপুর। া(দেশের যেকোনো প্রান্ত থেকে রোগীরা পূর্বে থেকে নিবন্ধনের মাধ্যমে বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারবেন।)