সৈয়দপুরে রেলের পরিত্যক্ত জায়গা ডিএস'র হস্তক্ষেপে দখলচেষ্টা ব্যর্থ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০৭:১১ পিএম
সৈয়দপুরে রেলের পরিত্যক্ত জায়গা ডিএস'র হস্তক্ষেপে দখলচেষ্টা ব্যর্থ

নীলফামারীর সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশ রেলওয়ের প্রায় এক একর পরিত্যক্ত সরকারি জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। তবে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা ও কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়কের (ডিএস) হস্তক্ষেপে শেষ পর্যন্ত জায়গাটি দখলমুক্ত রয়েছে।

জানা যায়,শহরের গুরুত্বপূর্ণ এলাকায় রেলওয়ের ওই পরিত্যক্ত জায়গাটি দখলে নিতে একটি চক্র বেশ কিছুদিন ধরে তৎপর ছিল। ৪ অক্টোবর তারা টিন, বাঁশের খুঁটি, লোহার রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে সেখানে যায়। জায়গা ঘেরাও করে দখলে নেওয়ার জন্য শ্রমিকও প্রস্তুত করা হয়েছিল। দখলের বিষয়টি জানাজানি হলে স্থানীয় সচেতন মহলে আলোচনা শুরু হয়। পরে রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বিষয়টি সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদকে অবহিত করেন।

খবর পেয়ে ডিএস শাহ সুফী নুর মোহাম্মদের নেতৃত্বে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এতে কথিত দখলচেষ্টাকারীরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। ফলে রেলওয়ের সরকারি জায়গাটি দখলের হাত থেকে রক্ষা পায়। স্থানীয়দের দাবি, সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রে রেলওয়ের এই বিশাল জায়গাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় বিভিন্ন সময় দখলের চেষ্টা হয়ে থাকতে পারে। সরকারি সম্পত্তি রক্ষায় জায়গাটি দ্রুত সীমানা নির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

স্থানীয় সূত্রের ধারণা, প্রায় এক একর আয়তনের ওই জায়গার বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা।  এদিকে রেলওয়ের জায়গা দখলের এ ধরনের চেষ্টা বন্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ ব্যাপারে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, রেলের জায়গা দখল করা হচ্ছে এমন সংবাদ পেয়ে আমি সেখানে লোকবল নিয়ে হাজির হই এবং ওই জায়গাটি দখলমুক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে