রংপুরের গংগাচড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত মোবাইল কোর্টে আরও দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে গংগাচড়া উপজেলার বেতগাড়ী বাজার ও আশপাশের এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বেতগাড়ী বাজারে লাকী বেগমের তিনতলা ভবনের নিচতলায় মিলন অটো সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো একটি খালি ‘স্টার’ সিগারেটের প্যাকেটের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৮ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩২ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় দোকানের ভাড়াটিয়া মোঃ মিলন ইসলাম (৩৬)কে গ্রেপ্তার করা হয়। তিনি গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খাপড়িখাল এলাকার মোঃ আবু তালেবের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গংগাচড়া মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে বেতগাড়ী বাজারের বিভিন্ন এলাকায় দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ আকরাম হোসেন (৩৫) ও মোঃ আইনুল ইসলাম (২৯) নামে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ‘ক’ সার্কেলের কর্মকর্তারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।