চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০৫:৪১ পিএম
চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজালবিরোধী এক অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) জেলা শহরের চৌধুরীঘাট, মদিনা শপিং কমপ্লেক্স ও জেএম সেনগুপ্ত রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, বিক্রয়কেন্দ্রে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের বাধ্যতামূলক স্টিকার না থাকা এবং কোনো বৈধ লাইসেন্স ছাড়াই ফুড সাপ্লিমেন্ট ও ক্যালসিয়াম বিক্রির অপরাধে 'রেড রোজ কসমেটিকস'কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করে পাকানোর অপরাধে 'মেসার্স ভাই ভাই স্টোর'কে ১০ হাজার টাকা এবং ব্যবসায়ী আলম খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন এবং তা আদায় করেন।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং ভবিষ্যতে বাজারজাতকরণে এ ধরনের নিয়মবহির্ভূত আচরণ করবে না বলে অঙ্গীকার করেছে। অভিযানকালে এলাকার অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযান পরিচালনা কাজে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

আপনার জেলার সংবাদ পড়তে