চাঁদপুর জেলা পুলিশে নতুন দায়িত্ব ও মর্যাদায় ভূষিত হলেন দুই জন সদস্য। কনস্টেবল থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে সদ্য পদোন্নতি পাওয়া দুই সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। রোববার (০৪ অক্টোবর, ২০২৬) চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ও আনন্দঘন অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাঁধে র্যাংক ব্যাজ তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত পদোন্নতিযোগ্য শূন্য পদের বিপরীতে এই দুই পুলিশ সদস্যকে পদোন্নতি প্রদান করা হয়।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, "পদোন্নতি শুধুই একটি মর্যাদা নয়, এটি দায়িত্ব পালনে নতুন এক অঙ্গীকার। পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে চাঁদপুরের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" পদোন্নতি প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ চাঁদপুর জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ।