চাঁদপুর পুলিশ লাইন্স গেইট সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হওয়া আনুমানিক ৮-৯ বছর বয়সী শিশু আরাফাতকে উদ্ধার করে ৩ ঘণ্টার মধ্যেই তার পরিবারের কাছে হস্তান্তর করেছে চাঁদপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) চাঁদপুর সদর মডেল থানায় শিশুটিকে তার মায়ের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ লাইন্স গেইট এলাকা থেকে শিশুটিকে একাকী ঘুরতে দেখে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে শিশুটির দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে চাঁদপুর জেলা পুলিশ তাৎক্ষণিকভাবে তার পরিবারের সন্ধানে অভিযানে নামে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পুলিশের দ্রুত তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় মাত্র ৩ ঘণ্টার মধ্যেই শিশুটির মা ও পরিবারের সন্ধান মেলে।
সদর মডেল থানায় উপস্থিত হয়ে সঠিক আইনি প্রক্রিয়া শেষে শিশু আরাফাতকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। সন্তানকে ফিরে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন তার মা এবং জেলা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধার ও পরিবার খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট শেয়ার করে সহযোগিতা করা সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সাথে জননিরাপত্তা ও যেকোনো প্রয়োজনে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চাঁদপুর জেলা পুলিশ।