আগামী বছরের শুরুতেই ইউপি নির্বাচন

চাঁদপুরে বিএনপির দৌড়ঝাঁপ, কোন্দল রুখতে বিএনপির কঠোর নির্দেশ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৬, ১২:০৯ পিএম
চাঁদপুরে বিএনপির দৌড়ঝাঁপ, কোন্দল রুখতে বিএনপির কঠোর নির্দেশ

আগামী বছরের শুরুতেই সারাদেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই ধাপে ধাপে দেশের ইউপিগুলোতে ভোটগ্রহণ শুরু করার প্রস্তুতি চলছে।

ইসি সূত্রে জানা গেছে, জানুয়ারির শুরুতে প্রথম স্লটের নির্বাচন শুরু করা গেলে পবিত্র রমজান মাসের আগেই অন্তত তিনটি ধাপে দেশের প্রায় দুই হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

নির্বাচন কমিশনের এমন সংকেতের আগে থেকেই অর্থাৎ ১২ ই ফেব্রুয়ারি'র জাতীয় নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হবার পর দিনটি সরকারে আসার পর  তৃণমূল রাজনীতিতে বইছে তীব্র নির্বাচনি হাওয়া। জুলাই গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ইউপি নির্বাচনকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। বিশেষ করে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় সমর্থন পেতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ ও বলয় তৈরির প্রতিযোগিতায় মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে।

মাঠে প্রার্থীরা, শোডাউনের ধুম

চাঁদপুর সদর ও আশপাশের ইউনিয়নগুলোতে নিজস্ব বলয় ও জনপ্রিয়তা জানান দিতে মাঠে নেমেছেন একাধিক প্রার্থী। প্রতিটি ইউনিয়নেই বিএনপির ৩ থেকে ৬ জন পর্যন্ত বা তার অধিক স্থানীয় নেতা চেয়ারম্যান পদের জন্য দৌড়ঝাঁপ করছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপি নেতা শাহাদাত হোসেন রুবেল। দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি শক্তি জানান দেন। একইভাবে ১০নং লক্ষ্ণীপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন পেতে মাঠে সক্রিয় রয়েছেন স্থানীয় বিএনপির হাফ ডজনেরও বেশি নেতা-হাজী বেলায়েত মাঝি, ফয়েজ বেপারী, হাফেজ জাকির হোসেন মৃধা, সুমন আহমেদ ভূঁইয়া, নাসির খান ও নুরু পাটোয়ারী। পাশাপাশি যুবদলের কেন্দ্রীয় নেতা (মির্জা আব্বাস গ্রুপ) জাহাঙ্গীর আলমও এই ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন চান।

গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দল

নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংসদ সদস্য গ্রুপ ও স্থানীয় বলয়কে কেন্দ্র করে বিরোধ চাঙ্গা হচ্ছে। ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে প্রার্থী হওয়া নিয়ে দুই ভাই চান্দু ও বাদশা চৌকিদারের মধ্যকার বিরোধ এখন চরম আকার ধারণ করেছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের  মারমুখী অবস্থানের খবর পাওয়া যাচ্ছে । আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত থাকায় মাঠে অন্য দলের উপস্থিতি কম হলেও বিএনপির অভ্যন্তরীণ এই লড়াই এখন তুঙ্গে।

উপজেলা বিএনপির জরুরি সভা ও কঠোর সতর্কতা নির্দেশ এমন পরিস্থিতিতে দলীয় কোন্দল রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে চাঁদপুর সদর উপজেলা বিএনপি। চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনায় উপজেলা বিএনপি সম্প্রতি সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দকে নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ডেকেছে।

উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় উক্ত সভায় আগামী ইউপি নির্বাচনের রূপরেখা ও দিকনির্দেশনা দেওয়া হয়। বিশৃঙ্খলা এড়াতে উপজেলা বিএনপির পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীদের জন্য জারি করা হয়েছে এক জরুরি সতর্ক বার্তা। এতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে-

"দলীয় মনোনয়ন প্রাপ্তির আগে কোনো সম্ভাব্য প্রার্থীর সাথে নির্বাচনী প্রচারণায় পদ-পদবীধারী বা স্ব স্ব কমিটির কেউ অংশগ্রহণ করতে পারবে না।" রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ও জেলা বিএনপির এই কঠোর পদক্ষেপে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল কতটা নিয়ন্ত্রণে আসে, তা-ই এখন দেখার বিষয়। তবে নির্বাচন যত এগোবে, চাঁদপুরের ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক রাজনৈতিক হিসাব-নিকাশ ও উত্তাপ যে আরও বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই।

আপনার জেলার সংবাদ পড়তে