বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১ ব্যাটালিয়নের আওতাধীন চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন ও নবাগত ক্যাডেট নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্লাটুনটি পরিদর্শন করেন কর্ণফুলী রেজিমেন্টের এ্যাডজুটেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট ফিদা ফারদিন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি কলেজে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও ১১ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) মো. আবু তালেব।
পরে হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ইনচার্জের নেতৃত্বে একদল চৌকস ক্যাডেট তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সময় বিএনসিসির কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে রেজিমেন্ট এ্যাডজুটেন্ট কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি হাটহাজারী সরকারি কলেজ ও নাজিরহাট কলেজ প্লাটুনের নবাগত ক্যাডেট নির্বাচন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) মো. আবু তালেব, নাজিরহাট কলেজের পিইউও ড. দোলন কান্তি ভট্টাচার্যসহ সামরিক প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান রেজিমেন্ট এ্যাডজুটেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট ফিদা ফারদিনকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।