মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর দিক সম্পর্কে মুসল্লিদের সচেতন করতে সৈয়দপুরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছে মাদক নির্মূল কমিটি, সৈয়দপুর। আগামী জুমার নামাজের আগে বা খুতবায় মাদকের কুফল, এর ভয়াবহ পরিণতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামের নির্দেশনা নিয়ে আলোচনা করার অনুরোধ জানিয়ে ইমাম ও খতিবদের কাছে লিখিত চিঠি দেওয়া হয়েছে। মাদক নির্মূল কমিটি সৈয়দপুরের আহ্বায়ক মো. এরশাদ হোসেন পাপ্পু ও সদস্য সচিব মো. সেকেন্দার আলী স্বাক্ষরিত চিঠিতে এ আহ্বান জানানো হয়।
চিঠিতে বলা হয়, মাদক বর্তমানে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলাকে বিপন্ন করে তুলছে। মাদকের কারণে চুরি, ছিনতাই, পারিবারিক সহিংসতা ও তরুণদের অকাল মৃত্যুসহ বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে সমাজকে দূরে রাখতে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক সচেতনতার প্রয়োজন রয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ইসলামের আলোকে মাদক ও সব ধরনের ক্ষতিকর নেশার কুফল সম্পর্কে মুসল্লিদের সচেতন করতে ইমাম ও খতিবদের বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই জুমার খুতবা ও আলোচনায় মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য রাখার জন্য তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। মাদক নির্মূল কমিটি সৈয়দপুর জানায়, সৈয়দপুরকে মাদকমুক্ত, সুখী, নিরাপদ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ হিসেবে গড়ে তুলতে তারা বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে মসজিদের ইমাম-খতিবদের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে
চিঠিতে সংগঠনটির পক্ষ থেকে দুটি স্লোগানও তুলে ধরা হয় মাদককে না বলুন,জীবনকে হ্যাঁ বলুন এবং মাদকমুক্ত সৈয়দপুর গড়ি, সুস্থ প্রজন্ম নিশ্চিত করি। এ ছাড়া পৌরসভার অন্তর্গত ১৫টি ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে সমাজের সচেতন নাগরিকদেরও এ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।