বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) আয়োজনে অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ পিপিএম-সেবা। অনুষ্ঠানে আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে ডিসি (সিটিএসবি) সনাতন চক্রবর্তীসহ আরপিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, ক্রীড়াবিদ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মো. সামসুজ্জামান সামু বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের আয়োজন স্থানীয়ভাবে খেলাধুলার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। ফুটবল, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলায় ভালো খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে কাজ শুরু হয়েছে। তিনি কাবাডি টুর্নামেন্ট আয়োজনের জন্য পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের সাফল্য কামনা করেন। সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ পিপিএম-সেবা বলেন, কাবাডি আমাদের উপমহাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা। দেশীয় ক্রীড়া ঐতিহ্যকে ধারণ ও বিকশিত করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজেরসৃজনশীলতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটানো সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতা ও আইজিপির উদ্যোগে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি ও সমাজ সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ক্রীড়া কার্যক্রম কার্যকর ভূমিকা পালন করবে। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতিসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে কোতোয়ালি থানা, হারাগাছ থানাকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় ম্যাচে মাহিগঞ্জ থানা, তাজহাট থানাকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে কোতোয়ালি থানা ও মাহিগঞ্জ থানা।