কুড়িগ্রামের চর রাজিবপুরে সবুজবাগ আলিম মাদ্রাসার দুই শিক্ষক আব্দুল কুদ্দুস ও শাহাব উদ্দিনের অবসরজনিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। ৬০ বছর পূর্ণ হওয়ায় তাঁরা চাকরি থেকে অবসর গ্রহণ করেন। আব্দুল কুদ্দুস ইবতেদায়ী জুনিয়র শিক্ষক হিসেবে ১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৬ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। অপরদিকে সহকারী শিক্ষক শাহাব উদ্দিন ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩০ আগস্ট পর্যন্ত শিক্ষকতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজবাগ আলিম মাদ্রাসার সভাপতি আব্দুস সোবাহান। বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ শামসুর রহমান, মাওলানা আবুল বাসার মুহাম্মদ আব্দুল লতিফ, জামায়াতের থানা আমির মন্তাজ আলী, রাজিবপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মতিউর রহমান, শওকত আলী, রমজান আলীসহ অনেকে।
বক্তারা অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের অবদানের প্রশংসা করেন এবং অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য ও সুখ-শান্তি কামনা করেন। পরে বিদায়ী দুই শিক্ষককে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ও উপহার প্রদান করা হয়।