লালপুরে জুয়া-হ্যাকিং চক্রে আপন দুই ভাইসহ ৪ জন আটক

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৮ পিএম
লালপুরে জুয়া-হ্যাকিং চক্রে আপন দুই ভাইসহ ৪ জন আটক

অনলাইন জুয়া, বেটিং, সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও প্রতারণার অভিযোগে নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে আপন দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার মঞ্জিলপুকুর গ্রামের নছিরাবিল এলাকায় অভিযান চালানো হয়। জনৈক আব্দুল গনির দোকানের সামনে থেকে মোমিনপুর গ্রামের মেহেদী আলী (২৬) ও রিদয় (১৮) নামে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, আটক মেহেদী ও রিদয় অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিংয়ের পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। এর পরদিন শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার গন্ডবিল (মধ্যপাড়া) এলাকায় অভিযান চালিয়ে আপন দুই ভাই ইয়াছির আরাফাত রাসেল (২২) ও রেজাউল করিম রাজিবকে (২৬) আটক করা হয়। তারা ওই এলাকার বাসিন্দা আব্দুল গাফফারের ছেলে।

পুলিশ জানায়, আব্দুল গাফফারের টিনসেট ভবনের উত্তর দুয়ারী একটি কক্ষে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের দাবি, এসব মোবাইল ফোন ব্যবহার করে তারা সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতেন।

পৃথক দুটি অভিযানে লালপুর থানার এসআই মো. আঃ জলিল ও এসআই মো. মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে