জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা,জলবায়ু ন্যায়বিচার,জীবাশ্ম জ্বলানি মুক্ত ভবিষ্যত,দ্রুত ন্যায্য ও অর্থায়নকৃত রুপান্তরের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ও কপ-৩১ এর প্রাক্কালে আয়োজিত বৈশ্বিক কর্মসূচির সাথে সংহতি জানিয়ে গতকাল শুক্রবার সকাল ১০টায় চাটমোহর পৌর শহরের জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা),চলনবিল রক্ষায় আমরা ও ওয়াটার কিপার বাংলাদেশ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন চলনবিল রক্ষায় আমরার আহবায়ক সাংবাদিক হেলালুর রহমান জুয়েল। চলনবিল রক্ষায় আমরার সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,চাটমোহর সরকারি কলেজের সহকারি অধ্যাপক ড.মুক্তি মাহমুদ,প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,চিকনাই নদী রক্ষায় আমারার সদস্য সচিব খলিলুর রহমান,দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন,চক্ষু চিকিৎসক আলমগীর হোসেন প্রমুখ। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।