নৈতিকতার পরিবর্তন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন অসম্ভব: আশরাফ উদ্দিন নিজান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৯ পিএম
নৈতিকতার পরিবর্তন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন অসম্ভব: আশরাফ উদ্দিন নিজান

চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে হলে সবার আগে মানসিকতা ও নৈতিকতার পরিবর্তন আনতে হবে।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ আশরাফ উদ্দিন নিজান আরও বলেন, “কোনো অনিয়ম বা দুর্নীতি আজ সমাজে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, এটিকে অনেকে স্বাভাবিক হিসেবে ধরে নিয়েছেন। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। আমাদের সমাজে শিক্ষিত ও বিত্তশালীরাই পরিবর্তনের মূল চালিকাশক্তি, কিন্তু তাদের একটি বড় অংশের মধ্যে নৈতিকতার ঘাটতি রয়েছে। সমাজকে এগিয়ে নিতে হলে ক্ষমতার চেয়ে চারিত্রিক দৃঢ়তা ও সততা সবচেয়ে বেশি প্রয়োজন।”

তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু কর্মকর্তা বা কর্মচারী হিসেবে নয়, বরং সচেতন নাগরিক হিসেবে নিজেদের মানসিকতা বদলাতে হবে। রাজনীতি বা পছন্দের দল ভিন্ন হতে পারে, কিন্তু দেশের ভালো সবাই চায়। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, চাঁদপুর-৫ (হাজিগঞ্জ-শাহরাস্তি) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এমএ হান্নান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হিরা। এছাড়াও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম বক্তব্য রাখেন। হুইপ আশরাফ উদ্দিন নিজান তাঁর বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, সরকারের নির্ধারিত নীতিমালার বাইরে গিয়ে এবং জনগণের প্রত্যাশা পরিপন্থী কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা গাফিলতি বরদাস্ত করা হবে না। তিনি জেলার চিকিৎসাসেবার মানোন্নয়ন, মাদক নির্মূল এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দেন।

সভা শুরুর দিকে সভাপধানের বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন। আইনশৃঙ্খলা বিষয়ে জেলার সার্বিক তথ্যাচিত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা এবং উন্নয়ন চিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

সভায় তারেক রহমান সরকার কর্তৃক ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসা ও শিক্ষা সহায়তা, বিদ্যুৎ সমস্যা সমাধান, কৃষি, মাদক নিয়ন্ত্রণ, নৌ পুলিশ, কোস্ট গার্ড, পাসপোর্ট, বিআরটিএ, বিআইডব্লিউটিএ, এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল, সড়ক ও জনপথ, জেলা হাসপাতাল, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়নসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

দুপুর আড়াইটা পর্যন্ত চলা এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষচন্দ্র রায়, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. কোহিনূর বেগমসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি এবং  রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য,জাতীয় সংসদ সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানকে দেশের তিন জেলা—ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর-এর সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, যার অংশ হিসেবে তিনি এই ধারাবাহিক পরিদর্শনে অংশ নিচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে