জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও চাঁদপুর জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেছেন, জনগণের সুদৃঢ় আস্থাই বিএনপির রাজনীতির মূল চালিকাশক্তি।
মঙ্গলবার বিকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং জুলাই সনদের মূল লক্ষ্য বাস্তবায়নের ওপর বিশেষ জোর দিতে হবে। জনগণের কাঙ্ক্ষিত অধিকার জাতীয় সংসদের মাধ্যমে নিশ্চিত করতে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু কাগজে-কলমে পরিকল্পনা রাখলে চলবে না, বরং মাঠপর্যায়ে তার সুফল পৌঁছে দিতে হবে। দায়িত্বপ্রাপ্ত নেতা এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সুদৃঢ় সমন্বয় বজায় রেখে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকাসহ পুরো জেলায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বেকারত্ব দূরীকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলো প্রকৃত সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেন। এ সময় তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, দলে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের দিকনির্দেশনায় সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ (সাবেক এমপি) এবং কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। এ সময় চাঁদপুর জেলা বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।