দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজশাহী সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিল। এ উপলক্ষে শনিবার সকাল ৯টায় রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের গ্রিন প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর নগর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি দড়িখরবোনা মোড় হয়ে কাদিরগঞ্জ গ্রেটার রোড ঘুরে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। পরে নগর ভবন চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাসিক প্রশাসক।
মাহফুজুর রহমান রিটন বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে সিটি করপোরেশন যথাযথভাবে কাজ করে যাচ্ছে। জনসচেতনতা সৃষ্টিতে নগরবাসীর মধ্যে লিফলেট বিতরণ করা হচ্ছে। পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। তিন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে আমরা কাজ করে যাব। এ কাজে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, বিএনসিসি মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল গোলাম কবির, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও আরএমপির উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমানসহ অন্যান্য কাউন্সিলর, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি অ্যাডভোকেট আলী আহসান মাসুম ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, সদস্য অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদ্দুজ্জামান জনি, জাসাস মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট রজব আলী ও সদস্যসচিব সেলিম রেজা, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান শরীফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া রাসিকের সচিব মো. সোহেল রানা, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনসিসি, স্কাউট, গার্লস গাইডস, বিডি ক্লিনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর রাজশাহীর পবা উপজেলায় স্থানীয় পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য সাজাহান আলী, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম ও কুতুব উদ্দিন বাদশা, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য মাজদার রহমান, জেলা ছাত্রদলের সদস্যসচিব আল আমিন হোসেন, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।