রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে ৭৫ বছর বয়সী এক বিধবার বসতঘর। এতে নিঃস্ব হয়ে পড়েছেন রুজুফা বেওয়া নামের ওই বৃদ্ধা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। তাৎক্ষণিক নগদ অর্থ, ঢেউটিন, শুকনা খাবার ও কম্বলসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছেন তাঁরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তাঁর টিনশেড বসতঘরে। এতে ঘরটির সম্পূর্ণ অংশ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় রুজুফা বেওয়া বাড়িতে ছিলেন না। ফলে প্রাণে রক্ষা পেলেও নিজের সহায় সম্বল ও ঘর হারিয়ে এখন চরম দুর্ভোগে পড়েছেন তিনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় বিধবার হাতে নগদ ১০ হাজার টাকা, দুই বান্ডিল ঢেউটিন, শুকনা খাবার ও কম্বল তুলে দেন। পাশাপাশি তাঁর বসতঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভোটার আইডি কার্ডের ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, "অগ্নিকাণ্ডে একজন অসহায় বৃদ্ধা তাঁর শেষ আশ্রয়টুকু হারিয়েছেন। খবর পাওয়ার পর আমরা তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাৎক্ষণিকভাবে নগদ অর্থ, ঢেউটিন, শুকনা খাবার ও কম্বল দেওয়া হয়েছে। পরবর্তীতে তাঁর ঘর পুনর্নির্মাণের ব্যবস্থা করাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।"
এ সময় নরদাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিক উপস্থিত থেকে তিনিও বৃদ্ধাকে ঘর তৈরীতে সহযোগিতার আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে অসহায় হয়ে পড়া রুজুফা বেওয়ার পাশে উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।