ময়মনসিংহের মুক্তাগাছায় নিজ বাসার সামনে বেকার মুক্তি ও কর্মসংস্থান আন্দোলনের সভাপতি ফরহাদ হোসেন (৪০) নামের এক যুবককে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে । এ নির্মম হত্যাকান্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা শহরের মধ্য হিস্যা এলাকায় এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের বাবা আব্দুস সাত্তার জানান, বুধবার রাত ১০টার দিকে ফরহাদ হোসেন বাসা থেকে বের হয়ে অদূরে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান মধ্যহিস্যায় আসার পথে হঠাৎ অজ্ঞাত দুই দুর্বৃত্ত তার গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় দগ্ধ ফরহাদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফরহাদ।
অপর একটি সূত্র জানায়, নিহত ফরহাদের বাসা সংলগ্ন শহরের নবারুণ বিদ্যানিকেতনের পিছনে একটি পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন যাবৎ মাদক ও অনৈতিক কর্মকান্ড চলে আসছে। নিহত ফরহাদ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকান্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও একটি পরিবারের সাথে নিহত ফরহাদের পরিবারের পূর্ব শত্রুতা ছিলো বলে জানা গেছে। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই পুলিশ জোরদার তদন্ত ও জড়িতদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অচিরেই অপরাধীরা আইনের আওতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নিহত ফরহাদ হানিফ বাংলাদেশীর বেকার মুক্তি ও কর্মসংস্থান আন্দোলনের মুক্তাগাছা শাখার সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও সে মাদকবিরোধী মানববন্ধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।