বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০০ পিএম
বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. সেলিম (৫৫) নামের এক স্থানীয় নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত মো. সেলিম উপজেলার কালিরবাজারের ব্যবসায়ী এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, বিকেলে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য মিছিলে যোগ দিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আসেন তিনি। অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে নেতাকর্মীরা তাঁকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তীব্র হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

এই নেতার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো.হারুনুর রশিদ এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবর বেপারি ভিপি বাবর।

আপনার জেলার সংবাদ পড়তে