কলমাকান্দায় ৩৯ বালুবাহী নৌকা জব্দ, একজনের কারাদণ্ড

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫০ এএম
কলমাকান্দায় ৩৯ বালুবাহী নৌকা জব্দ, একজনের কারাদণ্ড

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৯টি বালুবাহী নৌকা ও প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. নাজমুল মিয়া (২৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আসিফ।

সাজাপ্রাপ্ত নাজমুল মিয়া নয়ানগর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। অভিযানকালে অবৈধভাবে উত্তোলন ও পরিবহনের জন্য রাখা প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু জনসম্মুখে নদীতে ফেলে দেওয়া হয়। এ ছাড়া বালু পরিবহনে ব্যবহৃত ৩৯টি নৌকার ইঞ্জিন অকেজো করে নৌকাগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা প্রায় ১০০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা মহাদেও নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত নাজমুল মিয়াকে বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।