পাবনায় পুলিশের থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) :
| আপডেট: ৯ আগস্ট, ২০২৬, ০৭:১১ এএম | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৭:১১ এএম
পাবনায় পুলিশের থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

পাবনার বেড়ায় যুবলীগ নেতা সোহেল রানাকে আটকের পরে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী সমর্থকরা। আজ শনিবার দুপুরে বেড়া মডেল থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় স্থানীয়দের একটি অংশ পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার জানা, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন-এমন সংবাদের ভিত্তিতে সেখানে তাকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাঁধার সম্মুখীন হয় পুলিশ। এ সময় স্থানীয় বেশ কয়েকজন লোক পুলিশের কাজে বাঁধা দেয়।

ওসি আরও বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে