৪৬৪টি দেশীয় অস্ত্রসহ মতিঝিলে ৩ বিক্রেতা গ্রেফতার

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০১:০৮ এএম
৪৬৪টি দেশীয় অস্ত্রসহ মতিঝিলে ৩ বিক্রেতা গ্রেফতার
ছবি, সংগৃহীত

রাজধানীর মতিঝিল এলাকার বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে পুলিশের অভিযানে ৪৬৪টি ধারালো দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০), মো. রাজন (৩৪)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ছিনতাইসহ অপরাধমূলক কার্যক্রমে বিভিন্ন প্রকার ধারালো অস্ত্রের ব্যবহার হয়ে থাকে। এসব অস্ত্রের বিক্রি রোধকল্পে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হয়।

নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে আজ ডিএমপি মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে বড় ধারালো চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল সদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক।

এ সময় তিনজন বিক্রেতাকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে