শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে হাইকমিশনের নতুন বক্তব্য

এফএনএস (ঢাকা) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৬:৩৯ পিএম
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে হাইকমিশনের নতুন বক্তব্য
ছবি: FNS

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। সোমবার (৯ নভেম্বর) হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পাওয়া গেছে। তবে ওই অনুরোধ শেখ হাসিনার অনুমোদিত কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো নথি বা প্রমাণ ই-মেইলে ছিল না।

সাইদুর রহমান বলেন, সোমবার সকালে ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ই-মেইলটি আসে। এতে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। কিন্তু গণমাধ্যমে শেখ হাসিনা নিজে আবেদন করেছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।
তিনি আরও জানান, ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব হয়নি। কারণ, এতে তাঁর অনুমোদন বা আইনজীবী প্রতিষ্ঠানকে দেওয়া ক্ষমতাপত্রের কোনো প্রমাণ ছিল না। পরে ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতেও একই অবস্থান জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ রয়েছে। তবে অনুরোধটি তাঁর পক্ষে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তাঁর আইনজীবীর মাধ্যমে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দ্বিতীয় একটি সূত্রে বলা হয়েছে, যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। তবে হাইকমিশনের বক্তব্য অনুযায়ী, তাদের কাছে আসা ই-মেইলে শেখ হাসিনার অনুমোদনের কোনো প্রমাণ ছিল না।
এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর দীর্ঘ শাসনের অবসান ঘটে। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। আওয়ামী লীগের নেতারাও সোমবার বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তাঁর আত্মসমর্পণের তারিখ জানানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে