নির্বাচন নির্ধারিত সময়েই হবে—নেই সংশয়: প্রেস সচিব

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৮ এএম
নির্বাচন নির্ধারিত সময়েই হবে—নেই সংশয়: প্রেস সচিব
ছবি, সংগৃহিত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে বললেন, “আসন্ন সাধারণ নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে-এ নিয়ে আর কোনো সংশয় নেই।”

শফিকুল আলম বলেন, “সাধারণ নির্বাচন ও গণভোট এখন আর মাত্র সাত সপ্তাহ-৪৯ দিন দূরে। নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে তার কখনোই সংশয় ছিল না, যদিও কিছু সময় তাকে নিজের উচ্ছ্বাস সংযত করতে হয়েছে। তবে বৃহস্পতিবারের ঘটনাবলি সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকুও দূর করে দিয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারিত সময়েই হবে-এ নিয়ে আর কোনো প্রশ্ন নেই।”

প্রেস সচিব বলেন, “এক-দুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়া শুরু হবে। এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। ছাপাখানাগুলো পুরোদমে চালু হবে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচনকেন্দ্রিক বিতর্ক, যার প্রতিধ্বনি পৌঁছে যাবে গ্রাম পর্যায় পর্যন্ত।”

‘বাংলাদেশ গভীর ক্ষত বহন করছে- ক্রমেই প্রশস্ত হয়ে চলা একটি বিভাজন। এই বিভাজন দূর করতে  পারে একমাত্র একটি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নির্বাচন’-উল্লেখ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে