সুজানগরে অতিথি পাখি নিধন

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:১১ এএম
সুজানগরে অতিথি পাখি নিধন

পাবনার সুজানগরে অবাধে অতিথি পাখি নিধন করা হচ্ছে। এক শ্র্রেণীর অসাধু পেশাজীবী পাখি শিকারীসহ কতিপয় সৌখিন শিকারীরা নির্বিঘ্নে ওই পাখি নিধন করছে। 

জানা যায়, প্রতিবছর শীতের মৌসুম শুরু হতেই সুদূর সাইবেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন শীত প্রধান দেশ থেকে রাজহাঁস, চখা, পানকওরী, শামখইল, পাতিহাঁস ও কাজলাদিঘিসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি একটু নিরাপদ আশ্রয় এবং ক্ষুদা নিবারণের জন্য ছুটে আসে উপজেলার গাজনার বিলসহ পদ্মা নদীর চরাঞ্চলে। এ বছরও শীতের শুরুতেই ওই সকল পাখি গাজনার বিল ও পদ্মা নদীর চরাঞ্চলসহ আশপাশের বিলে আসছে। গাজনার বিলপাড়ের শারীরভিটা গ্রামের বাসিন্দা হেদায়েত আলী জানান, বিলে অতিথি পাখি আসার পর থেকেই কতিপয় সৌখিন শিকারীসহ অসাধু পেশাজীবী পাখি শিকারীরা কারেন্ট জালের ফাঁদ পেতে অবাধে অতিথি পাখি শিকার করছে। তারা কখনও দিনে আবার কখনও রাতে ওই সকল পাখি শিকার করে স্থানীয় হাট-বাজারে বিক্রি করছে। সেই সাথে সৌখিন শিকারীরাও মাঝে মধ্যে তাদের বৈধ বন্দুক দিয়ে বিল ও পদ্মা নদীর চরাঞ্চল থেকে অতিথি পাখি শিকার করছে। সৌখিন শিকারী অতিথি পাখির পাশাপাশি গ্রাম-গঞ্জে ঘুরে অবাধে দেশি পাখিও শিকার করে থাকে। সরকারিভাবে অতিথি পাখি শিকার এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় শিকারীরা ইচ্ছামতো ওই পাখি শিকার ও বিক্রি করছে। এ ব্যাপারে সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান বলেন শিগগিরই বিলে অভিযান চালিয়ে অতিথি পাখি শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে