পাঁচবিবিতে আগুনে পুড়ল দুটি দোকান, কোটি টাকার ক্ষতি

মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট: | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম
পাঁচবিবিতে আগুনে পুড়ল দুটি দোকান, কোটি টাকার ক্ষতি
ছবি: FNS

 জয়পুরহাটের পাঁচবিবি পৌর পার্কের সামনে আলতাফ আলী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গত রাত সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের সাইদার ইসলামের মালিকানাধীন দিশারি ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তিনি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের তছির উদ্দিনের ছেলে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের সৈয়দ মাসুদ আহমেদের মুদির দোকানে। এতে দুটি দোকানের আসবাবপত্র, মালামাল ও অন্যান্য সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে  দিশারি ফার্ণিচারেই প্রায় কোটি টাকার ক্ষতি হয় এবং মুদির দোকানের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের নম্বরে ফোন করা হলেও প্রথমে কল রিসিভ না করায় আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে তাঁদের অভিযোগ। জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক  পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে