জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়নের আহ্বায়ক এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ১২ নম্বর নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় দায়ের করা মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ছাড়া মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, গ্রেপ্তারের পর সোমবার (১৬ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে একই মামলার প্রধান আসামি নিষিদ্ধ ছাত্রলীগের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মেহেদি হাসান সনিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ইটাখোলা বাজার এলাকার মোফাজ্জলের ছেলে।