মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ১১:২১ এএম
মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি: সংগ্রহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিতের প্রতিবাদে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবীর সেকশন-৭ এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে কিছু কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নিয়ে সড়ক আটকে দেন।
শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাঁদের দাবি জানাচ্ছেন। এতে ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উপস্থিত রয়েছেন। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাঁরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
শ্রমিকদের বিক্ষোভের পেছনে মজুরি বোর্ডের সভা স্থগিতের বিষয়টিও রয়েছে। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বেলা ১১টায় শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সভাটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।
নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা বিজ্ঞপ্তিতে সভা স্থগিতের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মজুরি বোর্ডের সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে