সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানাযায়, গত শনিবার রাতে নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় তার স্ত্রী নাসিমা বেগম (৩৮) বিষয়টি টেরপেয়ে যায়। এসময় সে চোর চোর বলে চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়। মারাত্মক আহত সোহেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারীক সাংবাদিকদের বলেন, মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আসামি শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।