নির্ধারিত কর্মএলাকা বহাল রাখা, নিবন্ধন ফি বৃদ্ধি ও নিয়োগসংক্রান্ত বিধিমালা অপরিবর্তিত রাখাসহ পাঁচ দফা দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের নিকাহ্ রেজিস্ট্রাররা। সোমবার সকাল থেকে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদের উদ্যোগে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচি চলার কথা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন জেলার নিকাহ্ রেজিস্ট্রাররা। এ সময় তাঁরা পেশাগত বিভিন্ন সমস্যা তুলে ধরে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, লাইসেন্সে উল্লেখ করা নিকাহ্ রেজিস্ট্রারদের নির্ধারিত কর্মএলাকা বহাল রাখা, মৃত্যু বা অবসরজনিত কারণে শূন্য হওয়া পদে যোগ্য পুত্রকে সরাসরি লাইসেন্স দেওয়া, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে আগের বিধিমালার যোগ্যতা বহাল রাখা এবং নতুন বিধিমালা প্রণয়নের সময় নিকাহ্ রেজিস্ট্রারদের মধ্য থেকে অন্তত দুজন অভিজ্ঞ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ্ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক ও পেশাগত সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সমাধান এবং পেশার মর্যাদা ও সেবার মান নিশ্চিত করতে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা বহাল রাখার দাবি জানিয়ে তাঁরা বলেন, নিকাহ্ রেজিস্ট্রারদের সঙ্গে আলোচনা ছাড়া নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণযোগ্য নয়।কর্মসূচিতে কাজি খয়বর হোসেন, কাজি মো. জহুরুল আলম, কাজি মো. হাবিবুর রহমানসহ রাজশাহীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রাররা বক্তব্য দেন। পরে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে রাজশাহীর জেলাপ্রশাসক কাজি শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।