বগুড়ার শেরপুরে মোজাহার আলী কোল্ড স্টোরের পুকুর থেকে ২০ মণ বুলেট মা মাছ লুটের অভিযোগ উঠেছে। লুট হওয়া মাছের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এ ঘটনায় বাধা দেওয়ায় নিরাপত্তাকর্মীকে প্রাণনাশের হুমকি ও তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোল্ড স্টোরের নিরাপত্তাকর্মী মো. আয়নাল হক (৭০) শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ১২ থেকে ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা পিকআপ নিয়ে কোল্ড স্টোরের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে পুকুর থেকে মাছ ধরে পিকআপে তুলে নিয়ে যান। বাধা দিলে নিরাপত্তাকর্মীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।