সাবেক এমপিসহ ৮৮ জনের নামে সন্ত্রাসবিরোধী মামলা, গ্রেপ্তার ৪

এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৫:৪৫ পিএম
সাবেক এমপিসহ ৮৮ জনের নামে সন্ত্রাসবিরোধী মামলা, গ্রেপ্তার ৪
ছবি: FNS

নাটোরের লালপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৮৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১২০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বাদী হয়ে লালপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফুল ইসলাম উজ্জ্বল, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর নাম রয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে জনসমর্থন তৈরি, সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত ও সক্রিয় করার চেষ্টা, সরকার ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং জনমনে ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁদের আসামি করা হয়েছে। এসব অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়।
এদিকে, মামলার পর ১৪ ও ১৫ নভেম্বর পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑগোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম মিজু (৩০), সাবেক সহসভাপতি মো. নাদিম আলম (৩৪), ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সম্রাট ইসলাম (৩৭) এবং গোপালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কেতাব আলীম মন্ডল (৬০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিরোপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে আরিফুল ইসলাম মিজুকে এবং একই দিন সন্ধ্যা ৭টার দিকে ওয়ালিয়া বাজার থেকে সম্রাট ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে মধুবাড়ী এলাকায় নিজ বাড়ি থেকে নাদিম আলম এবং রাত দেড়টার দিকে বৈদ্যনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে কেতাব আলীম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় গ্রেপ্তার চার আসামিকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে