আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরির এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। এ আয়োজনের অংশ হিসেবে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে এক দিনের জন্য প্রতীকী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরের হাতে নিয়োগপত্র তুলে দেন। আগামীকাল ১৭ নভেম্বর আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষ্যে সে এই দায়িত্ব পালন করবে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম এই ব্যতিক্রমী আয়োজনের আনুষ্ঠানিক লিখিত অনুমোদন দেন এবং নিজেই প্রতীকী প্রধান শিক্ষকের নিয়োগপত্র উম্মে তালহা তাবাচ্ছুম কবীরের হাতে তুলে দেন। শিক্ষা কর্মকর্তার এমন সরাসরি উপস্থিতি ও পৃষ্ঠপোষকতা বিদ্যালয়ের এই উদ্যোগকে আরও বেশি মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ১৭ নভেম্বর আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষ্যে উম্মে তালহা পূর্ণাঙ্গ একদিন প্রতীকী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবে। এর মধ্য দিয়ে সে বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক প্রশাসনিক পরিবেশ, দাপ্তরিক কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা পরিচালনা সম্পর্কে সরাসরি ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের অনন্য সুযোগ পাবে। লালমনিরহাট সদর উপজেলার সার্কিট হাউজসংলগ্ন মিশনমোড়ে অবস্থিত ‘শিবরাম আদর্শ পাবলিক স্কুল’ ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই মানসম্মত শিক্ষা বিস্তারের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি শুরু থেকেই শিক্ষার্থীদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
জীবনের প্রথম এমন ব্যতিক্রমী অভিজ্ঞতা অর্জনের অনুভূতি প্রকাশ করে খুদে প্রধান শিক্ষক উম্মে তালহা তাবাচ্ছুম কবির বলে, এক দিনের জন্য হলেও প্রধান শিক্ষকের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি আমার জীবনের অন্যতম বড় একটি পাওয়া এবং অভিজ্ঞতা। আমি নির্ধারিত দিনে বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা বজায় রাখা, শিক্ষকদের সার্বিক সহযোগিতা করা এবং সহপাঠীদের ভালো কাজে উৎসাহিত করার চেষ্টা করব। এই দারুণ উদ্যোগ আমাকে ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হতে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের শুধু গতানুগতিক পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের নেতৃত্ব ও দায়িত্বশীলতা শেখানোই এই আয়োজনের মূল লক্ষ্য বলে মনে করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে সৃজনশীলতা, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক নেতৃত্বের মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমাদের এই প্রতীকী প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগটি কোমলমতি শিক্ষার্থীদের সেই স্বপ্ন দেখতে ও যোগ্যতা বাড়াতে সাহায্য করবে। একই সঙ্গে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও এর দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেদের নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত হবে বলে আমি বিশ্বাস করি।