বাস থামা নিয়ে তর্ক

সুপারভাইজারের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে প্রান গেল দুই যাত্রীর, আহত ১

প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৩:৩০ পিএম
সুপারভাইজারের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে প্রান গেল দুই যাত্রীর, আহত ১
ছবি: FNS

রংপুরের তারাগঞ্জ উপজেলার জিগাতলায় যত্রতত্র বাস থামা নিয়ে তর্কের জেরে চলন্ত বাস থেকে সুপারভাইজারের ধাক্কায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই যাত্রী নিহত হয়েছে।এঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচ তারাগঞ্জের জিগাতলা এলাকায় পৌঁছালে যত্রতত্র বাস থামাকে কেন্দ্র তর্কের জেরে সুপারভাইজার বাসের ভেতরে থাকা তিনজনকে ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং অপর একজন আহত হন।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াই খোলা ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রামের লোকমান বসুনিয়ার পুত্র মো. সাকিব বসুনিয়া (২২) ও অপরজন একই এলাকার কালু বসুনিয়ার পুত্র মকুল বসুনিয়া(২৮)। এসময় গুরুতর আহত অবস্থায় ইউনুস আলীর পুত্র আতিকুর ইসলাম (২৭) কে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তারাগঞ্জ থানা ও তারাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নিহতদের পরিচয় পাওয়া গেলে সেখান থেকে দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করে তারাগঞ্জ থানা পুলিশ।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার আলী বলেন, এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। জব্দকৃত বাসটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন ।

আপনার জেলার সংবাদ পড়তে