এখন বর্ষা নেই, নেই বৃষ্টি। তবুও শুষ্ক মৌসুমেও কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেখা দিয়েছে দুধকুমার নদীর ভাঙন। উপজেলার নুখাওয়া ইউনিয়নের ২টি ওয়ার্ডের কাঠগিরি, হাজীপাড়া ও কালাবাগানসহ আশপাশের এলাকায় নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। হুমকীর মুখে রয়েছে মসজিদ, মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়, বাজারসহ বিভিন্ন স্থাপনা। এ অবস্থায় ফসলি জমি ও বসতভিটাসহ শেষ সম্বল হারানোর শঙ্কায় দিশেহারা নদী পাড়ের কয়েকশো পরিবার।
স্থানীয়রা জানান গেলো বর্ষা মৌসুমে দুধকুমারের ভাঙনে বসতভিটা হারিয়ে বাস্তুহারা হয়ে পড়ে ওই এলাকার অসংখ্য পরিবার। ভিটেমাটি হারিয়ে একটু আশ্রয়ের আশায় মাথা গোঁজেন বাঁধ কিংবা অন্যের জমিতে। তবুও ভাঙন যেনো পিছু ছাড়ছে না তাদের। এ যেনো মরার উপর খড়ার ঘাঁ।
কাঠগিরি এলাকার ষাটোর্ধ কমলা বেগম জানান, গেলো বর্ষায় দুধকুমার নদীর ভাঙনে নদীতে তার বসতভিটা বিলীন হয়ে যায়। এরপর অন্যের জমিতে আবারও ঠাঁই নেন তিনি। কিন্তু শুষ্ক মৌসুমেও যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে এতে করে এই ঠাঁইটুকুও হারাতে হবে তাকে। এসব কথা বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। কমলা বেগমের মতো এভাবে প্রতি বছর জমিজমা ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য পরিবার। খোতেজা বেগম জানান, এ পর্যন্ত দুধকুমার নদীর আগ্রাসনে তার বসতভিটা ৫-৬বার নদীগর্ভে বিলীন হয়েছে। এক চর থেকে আরেক চরে বসতভিটা করে করে তিনি এখন নিঃস্ব। এখন অন্যের জমিতে কোনোমতে মাথা গুঁজে আছেন। সেটিও এখন নদীর তীরবর্তী এসে গেছে। এবার নদী ভেঙে নিয়ে গেলে কোথায় থাকবেন সেটি বলতে পারেন না তিনি। নুর জামাল হোসেন জানান, বর্ষা মৌসুমে নদী ভাঙনে এই এলাকার অনেক ফসলি জমি, সুপাড়ি বাগান, বসভিটাসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চেলে গেছে। কিন্তু একই অবস্থা শুরু হয়েছে শুষ্কু মৌসুমেও। তারা এর আগে পানি উন্নয়ন বোর্ডে বিষয়টি অবহিত করলেও কোনো প্রতিকার পাননি এমনকি মানবন্ধন করা হলেও কোনো কাজ হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তাই দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি। এ অবস্থায় নদীপাড়ের মানুষদের দাবি, ত্রাণ নয়, স্থায়ী বাঁধ নির্মাণ হলে দুঃখ ঘুঁচবে তাদের। রক্ষা হবে বাপদাদার রেখে যাওয়া বসতভিটা।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, বলেন মানববন্ধনের কথা শুনেছি এবং ভাঙন কবলিত এলাকায় খোঁজ নিয়েছি। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।