মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পোশাক কারখানার মালিক আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ।
জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকার ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ পোশাক কারখানার মালিকের অফিসকক্ষে ধর্ষণের স্বীকার হয় ওই কিশোরী বলে অভিযোগ করেন তার মা। পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা গত শুক্রবার সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। মামলার পরপরই অভিযুক্ত আনোয়ার মাঝিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
এদিকে, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সিরাজদিখান থানার ওসি মো আলাউদ্দিন গ্রেপ্ততারের বিষয়টি নিশ্চিত করে বলেন , মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।