সরকার নির্ধারিত দামে ও চাহিদামতো সার না পাওয়ায় কৃষকদের মধ্যে বাড়ছে ক্ষোভ

এফএনএস এক্সক্লুসিভ | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০১:২৭ পিএম
সরকার নির্ধারিত দামে ও চাহিদামতো সার না পাওয়ায় কৃষকদের মধ্যে বাড়ছে ক্ষোভ
ছবি: FNS

সরকার নির্ধারিত দামে ও চাহিদামতো সার না পাওয়ায় কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। রবি মৌসুম সামনে রেখে দেশে নন-ইউরিয়া সার নিয়ে আবারও অস্থিরতা বাড়ছে। সার না পেয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ কৃষকরা সড়ক-মহাসড়ক অবরোধ করছে। ডিএপি সার না পেয়ে অতিসম্প্রতি রাজশাহীর গোদাগাড়ীতে স্থানীয় কৃষকরা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ করে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে ওই অবরোধ প্রত্যাহার করা হয়। ওই একই দিন পাবনায় একটি ডিলার পয়েন্টে সার বিতরণ নিয়ে হট্টগোল হয় এবং একপর্যায়ে কৃষকরা দোকান থেকে ৬১১ বস্তা সার নিয়ে যায় বলে ডিলার অভিযোগ করেছে। ওই ঘটনায় থানায় মামলাও হয়েছে। তার আগে আগস্ট-সেপ্টেম্বরেও দেশে সার নিয়ে অস্থিরতা দেখা দিয়েছিল। এখন নতুন মৌসুম সামনে রেখে আবারও সরবরাহ ও দাম নিয়ে অভিযোগ তুলছে কৃষকরা।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের কৃষি উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রবি মৌসুম। এ সময়ে বোরো ধান, শীতকালীন সবজি, আলু ও পেঁয়াজসহ আবাদ হয় বিভিন্ন ফসলের। এই সারের সরবরাহে ঘাটতি কিংবা বাড়তি দাম কৃষকের উৎপাদন ব্যয় বাড়ানোর পাশাপাশি ফলনেও প্রভাব ফেলে। আর তার প্রভাব বাজারে কৃষিপণ্যের সরবরাহ ও দামের ওপরও পড়ে। তাছাড়া সার নিয়ে অস্থিরতা থাকলে কৃষির উৎপাদনে প্রভাব পড়তে পারে। কারণ এদেশে শীতকালীন সময়টা কৃষির সবচেয়ে বড় মৌসুম। কিন্তু দীর্ঘদিন ধরেই কৃষককে বাড়তি দামে সার কেনার অভিযোগ মিলছে। এ নিয়ে বিভিন্ন জায়গায় এ নিয়ে নানা ঘটনাও ঘটছে। কৃষক বেশি দামে সার কিনলে তাদের উৎপাদন ব্যয়ও বাড়বে। আবার চাহিদামতো সার না পেলে উৎপাদনেও প্রভাব পড়বে। কারও কারোর অভিযোগ কৃষকরা বেশি সার ব্যবহার করে। কিন্তু পর্যাপ্ত সার না পেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে এবং জাতীয় অর্থনীতিই আক্রান্ত হবে। মূলত সারের মনিটরিং ঠিকমতো না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হচ্ছে।
সূত্র জানায়, কৃষকদের অভিযোগ- ডিলার পয়েন্টে সরকারি দামে পর্যাপ্ত সার মিলছে না। সার বিতরণ নিয়ে অতিসম্প্রতি পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় হট্টগোলের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে ওই সময় কৃষকরা ডিলারের দোকান ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে যায়। পরে উপজেলা প্রশাসন ১০০ বস্তা সার উদ্ধার করে।একই দিন রাজশাহীর গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ করেন স্থানীয় কৃষকরা। উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে প্রায় আধা ঘণ্টা পর তারা অবরোধ প্রত্যাহার করে। তার আগে গত ৪ নভেম্বর নাটোরের নলডাঙ্গায় ডিলারের দোকানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সার না পাওয়া নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। তাছাড়া গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, রাজশাহী ও পাবনাসহ বিভিন্ন জেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে।
সূত্র আরও জানায়, কৃষকদের ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে সার কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে অনেক সময়ই সার কেনার রসিদও দেওয়া হচ্ছে না। সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি ৫০ কেজির বস্তা ইউরিয়া সার ১ হাজার ৩৫০ টাকা, ডিএপি ১ হাজার ৫০, টিএসপি ১ হাজার ৩৫০ এবং এমওপি বা পটাশ সার ১ হাজার টাকা। কিন্তু কৃষকরা ওই দামে সার পাচ্ছে না বলে অভিযোগ করছে। বরং এক বস্তা ডিএপি সার কিনতে কৃষককে ২ হাজার টাকা খরচ করতে হচ্ছে। টিএসপি সার প্রতি বস্তা আড়াই হাজার টাকা, ডিএপি সার দেড় হাজার টাকার বেশি নেয়া হচ্ছে।
এদিকে দেশের বিভিন্ন জেলায় সার না পাওয়া কিংবা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে সার বিক্রি হলেও দেশে সারের কোনো সংকট নেই দাবি করছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি নভেম্বরে দেশে নন-ইউরিয়া সারের চাহিদার পুরোটাই বরাদ্দ দেওয়া হয়েছে। তার মধ্যে ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ১ লাখ ৭ হাজার টন, ডাঁই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ২ লাখ ৩৩ হাজার ৬০৬ টন এবং মিউরেট অব পটাশ (এমওপি) ১ লাখ ৪৪ হাজার ৫৩৭ টন।
অন্যদিকে দেশে সার নিয়ে অস্থিরতার মধ্যেই প্রতিবেশী দেশে ইউরিয়া পাচারের ঘটনাও ঘটছে। ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাচারকালে সারের কয়েকটি চালান জব্দ করেছে। তার আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক প্রতিবেদনেও সীমান্ত দিয়ে সার পাচারের তথ্য উঠে আসে। বাংলাদেশ কোস্টগার্ডের তথ্যানুযায়ী সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত মিয়ানমারে পাচারকালে অন্তত ২০২ টন সার জব্দ করা হয়েছে। যার প্রায় সবই ইউরিয়া। ওসব অভিযানে পাচারে জড়িত সন্দেহে প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে। তাছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূল দিয়ে সাগরপথে মিয়ানমারে পাচারের সময় গত ৬ নভেম্বর ৩০০ বস্তা ইউরিয়া জব্দ ও একজনকে আটক করে পুলিশ। তার আগে ৩১ অক্টোবর ৩০১ বস্তা ইউরিয়া জব্দ করে জোরারগঞ্জ থানা পুলিশ। মিরসরাইয়ের উপকূল দিয়ে মিয়ানমারে সার পাচার করে আসছে একটি চক্র। মিয়ানমারের চোরাকারবারিদের সঙ্গে চক্রটির সরাসরি যোগাযোগ রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রথমে ট্রাকে করে সার মিরসরাইয়ের উপকূলে আনা হয়। এরপর কার্গো বোট বা মাছ ধরার ট্রলারে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে তা মিয়ানমার সীমান্তে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে মিয়ানমারের চোরাকারবারিরা অন্য পরিবহনে সার গন্তব্যে নিয়ে যায়। তবে কোস্টগার্ড সদস্যরা সারসহ যেকোনো পণ্যের পাচার রোধে কার্যক্রম চালাচ্ছে
দেশের সার পরিস্থিতি নিয়ে সম্প্রতি কৃষিমন্ত্রী আমিন উর রসিদ জানিয়েছেন, দেশে সারের কোনো সংকট নেই। কৃষকের যতটুকু চাহিদা ততোটুকু সার বরাদ্দ দেওয়া হচ্ছে। কোনো কোনো জেলায় চাহিদার অতিরিক্তও বরাদ্দ দেওয়া হচ্ছে। আর প্রতিবেশী দেশের তুলনায় এদেশে সারে বেশি ভর্তুকি দেওয়া হয়। ফলে এদেশে সারের দাম প্রতিবেশী দেশের তুলনায় কম। আর বাইরে দাম বেশি হলে পাচারের প্রবণতা তৈরি হতেই পারে। তবে সরকারের পক্ষ থেকে সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে