রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ১২:১০ পিএম
রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
ছবি: FNS

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। তিনি বলেন, ‘তিনি বর্তমানে আমাদের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। শনিবার রাষ্ট্রদ্রোহের মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছি। এরপর রাতেই এসআরইউ ও পাঁচলাইশ থানা-পুলিশের যৌথ দল তাঁকে গ্রেপ্তার করে।’

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। মামলার তদন্ত করবে সিএমপির বিশেষায়িত ইউনিট এসআরইউ।

গত মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী। একই দিন তাঁর ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সূত্র জানায়, ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তাঁর বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে সরবরাহের অভিযোগ উঠেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, জাহাঙ্গীর আলমের মোবাইল থেকে পাঠানো কয়েকটি বার্তায় ডিসেম্বরে আন্দোলন গড়ে তোলার কথা উল্লেখ রয়েছে। একটি বার্তায় ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাঁর বাবার আন্দোলনে অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে ‘বাংলাদেশকে উদ্ধারের’ আহ্বান জানানো হয়। একই ধরনের আরও কয়েকটি বার্তার কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে