সেনবাগে ফাদার্স এইডের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ

মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এএম
সেনবাগে ফাদার্স এইডের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ
ছবি: FNS

নোয়াখালীর সেনবাগে ফাদার্স এইড বাংলাদেশ আয়োজিত ‘ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫’-এর বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার ৮৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। পাশাপাশি উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি গিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে আয়োজক কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সেনবাগ ফাজিল মাদ্রাসার মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ কর্মসূচির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ও এমএ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল আজিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) সেনবাগ উপজেলা শাখার সভাপতি ও কানকির হাট ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, ফাদার্স এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক এ এইচ এম মহিউদ্দিন, বিএমজিটিএ সেনবাগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, চিলাদি মহিলা আলেম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন, মইজদীপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, ফকিরহাট দারুল কোরআন মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন, নিজ সেনবাগ শেখ আব্দুস সামাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ার হোসেন, সেনবাগ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) কামরুল ইসলাম, আরবি প্রভাষক মাওলানা মাকসুদুল আলম, ফাদার্স এইডের সহকারী পরিচালক আফসার উদ্দিন রনি, হাফেজ মাওলানা সৈকত আকবর, বিশিষ্ট ব্যবসায়ী ও ইকবাল এগ্রো মার্টের স্বত্বাধিকারী ইকবাল হোসাইন এবং এ ওয়ান ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী কামাল উদ্দিন বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ফাদার্স এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক এ এইচ এম মহিউদ্দিন বলেন, সমাজে মানবিক ও জনকল্যাণমূলক কাজে নিঃস্বার্থভাবে নিয়োজিত ব্যক্তিদের সম্মানিত করাকে ফাদার্স এইড বিশেষ অগ্রাধিকার দিয়ে থাকে। যে সমাজে জ্ঞানী-গুণী ও সমাজহিতৈষীদের যথাযথ মর্যাদা দেওয়া হয়, সে সমাজে জনকল্যাণমূলক কাজের প্রতি মানুষের আগ্রহ ও প্রতিযোগিতা বৃদ্ধি পায়। এর মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হয়। এ লক্ষ্যেই তাঁদের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত সেরা ১০ জনসহ মোট ৩৫ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের তথ্যমতে, এ বছর সর্বমোট ৮৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধার ভিত্তিতে সর্বাধিক পুরস্কার অর্জন করে উপজেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মাদ্রাসা ই সাউতুল মদিনা। এ সময় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের হাতেও বই ও সম্মাননা স্মারক তুলে দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করেন ফাদার্স এইড কর্তৃপক্ষ।

আপনার জেলার সংবাদ পড়তে