আশাশুনিতে শুভ বিজয়া পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০.৩০ টায় আশাশুনি সদর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য ও শিপন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুছ, বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির নূরুল আফসার মোর্তজা ও উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ (অব.) চিত্তরঞ্জন ঘোষ। সভায় প্রবাষক রতন অধিকারী, শিক্ষক পরিমল দাশ, দীপন কুমার মন্ডল, পরেশ অধিকারী, নির্মূল কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে শারদীয় দুর্গাপূজায় শ্রেষ্ঠ পূজামণ্ডপ নির্বাচিত হওয়া ৮টি মন্ডপের পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শুভ বিজয়ার আনন্দ ও সম্প্রীতির বন্ধনে আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।