দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে হতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, খাদ্য মন্ত্রণালয়ের একটাই লক্ষ্য, দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত নিশ্চিত করা। কেউ যেন অভুক্ত না থাকে, কেউ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এখন একটাই লক্ষ্য। খাদ্য মন্ত্রণালয়ে আমড়া যারা আছি, দেশে খাদ্যের কোনো অভাব হতে দেব না। সেই লক্ষ্য সামনে রেখে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত রাখা হয়েছে।’
সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে আফরোজা খানম রিতা বলেন, ‘সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে চাল কিনতে পারেন, সে জন্য ওএমএস কার্যক্রমের আওতায় চাল বিতরণ করা হচ্ছে। শুক্রবার থেকে শ্রমিকদের মধ্যেও কম দামে চাল বিতরণ শুরু হয়েছে। কেউ যেন ঘরে অভুক্ত না থাকেন, কেউ যেন কষ্ট না পান, সেদিকে প্রধানমন্ত্রী সজাগ দৃষ্টি রাখছেন।’
মন্ত্রী বলেন, ‘আমড়া যারা জনপ্রতিনিধি আছি, আমাদের কাজ আপনাদের পাশে থাকা। আর আপনাদের কাজ হলো আমাদের সহযোগিতা করা এবং আন্তরিকতা বাড়ানো। একজন মন্ত্রী বা জনপ্রতিনিধির পক্ষে একা কোনো কাজ করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কাজ করে আমড়া লক্ষ্যে পৌঁছাতে পারি।’
কৃষকদের কল্যাণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ ও কৃষকদের ভালো রাখাই আমাদের লক্ষ্য। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। খাদ্য মন্ত্রণালয়কে দেশের একটি ভালো অবস্থানে নিয়ে যেতে আমড়া কাজ করছি।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ মৌসুমে সারা দেশে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ঢাকা বিভাগে ২৭ হাজার ৬৫১ মেট্রিক টন এবং মানিকগঞ্জ জেলায় ১ হাজার ৩২২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে মানিকগঞ্জ সদরে ২২২ মেট্রিক টন, শিবালয়ে ২৮৩, ঘিওরে ৩৩৯, সাটুরিয়ায় ১২৭, সিংগাইরে ২২১, হরিরামপুরে ৭৪ এবং দৌলতপুরে ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহের পরিকল্পনা রয়েছে। জেলায় এবার আমন ধানের সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৩৯ মেট্রিক টন।
খাদ্য বিভাগের নির্ধারিত তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রতি কে.জি. আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা এবং চালের মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি এ সংগ্রহ কার্যক্রম চলবে।
জেলাপ্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসিম উদ্দিন খান, পুলিশ সুপার সারোয়ার আলম ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ অন্যান্যরা।